শেখ মুজিবের প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় ঐকমত্য কমিশন
- প্রকাশের সময় : ১১:৪২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / 80
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ ৪(ক) বিলুপ্ত করতে চায় অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশন।
কমিশন জানিয়েছে, সংবিধানের অনুচ্ছেদ ৪(ক) বিলুপ্তির প্রস্তাব ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত তাদের মতামত জানাতে চিঠি দিয়েছে কমিশন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের স্বাক্ষরিত এক চিঠিতে রাজনৈতিক দল ও জোটসমূহকে আগামী ১১ অক্টোবর শনিবার বিকেল ৪টার মধ্যে লিখিত মতামত জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, কমিশন ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘জুলাই সনদ ২০২৫’ প্রণয়ন ও বাস্তবায়নবিষয়ক বৈঠক সম্পন্ন করেছে। এখন বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ৪(ক)-এর বিধান—
> ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি কর্তৃপক্ষ, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে’—
এই ধারা বিলুপ্তির বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়, অতিরিক্ত তথ্যের প্রয়োজন হলে কমিশনের ই-মেইল বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করা যাবে।
উল্লেখ্য, ২০১১ সালের ৩০ জুন আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই অনুচ্ছেদটি সংযোজন করে, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শন বাধ্যতামূলক করে।






















