সোমবার ইসরায়েলে যাচ্ছেন ট্রাম্প

- প্রকাশের সময় : ১০:০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / 99

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন ইসরায়েল সফর নিয়ে নতুন তথ্য দিয়েছে দেশটির চ্যানেল ১২ টেলিভিশন নেটওয়ার্ক। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টার পর ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করবেন ট্রাম্প। তাকে স্বাগত জানাতে সেখানে আয়োজিত হবে একটি আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠান।
এরপর ট্রাম্প সরাসরি জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে যাবেন। সিমচাত তোরা ধর্মীয় উৎসব শুরুর আগে তিনি সেখানে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। উৎসবটি শুরু হবে সোমবার সন্ধ্যায়।
প্রতিবেদনে আরও জানানো হয়, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরের পরই ট্রাম্পের এই সফরের আয়োজন করা হয়েছে। সফরটি হবে খুবই সংক্ষিপ্ত—নেসেটে বক্তৃতা শেষে তিনি সরাসরি বিমানবন্দরে ফিরে যুক্তরাষ্ট্রে চলে যাবেন।
চ্যানেল ১২ বলছে, ট্রাম্পের সফর আগের পরিকল্পনার তুলনায় সংক্ষিপ্ত হয়েছে, কারণ তিনি রোববার নয়, সোমবার পৌঁছাবেন—শেষ মুহূর্তের প্রস্তুতির কারণে সূচি পরিবর্তন করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প তেল আবিবের ‘হোস্টেজেস স্কয়ার’ সফরে যাচ্ছেন না, যদিও জিম্মিদের পরিবারের সদস্যরা আশা করেছিলেন, তিনি সেখানে যাবেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল























