ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কে শহিদুল আলম
- প্রকাশের সময় : ০৭:০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / 95
ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম।
আজ শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
প্রেস উইং জানায়, আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইস্তাম্বুলে পৌঁছেছেন। শুক্রবার টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইসরায়েল থেকে ফেরার পর শহিদুল আলমকে স্বাগত জানান ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।
এর আগে তুরস্কের সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রেস উইং জানায়, আজ বিকেলে ইসরায়েল থেকে একটি ফ্লাইট যাত্রা শুরু করেছে। এই ফ্লাইটে আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম আছেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে তাকে দেশে ফেরাতে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।
গাজার উদ্দেশে রওনা হওয়া একটি জাহাজ থেকে গত বুধবার আলোকচিত্রী শহিদুল আলমকে অপহরণ করে ইসরায়েলি বাহিনী। এরপর তাকে ইসরায়েলের কারাগারে নেওয়া হয়।
সেদিন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিওতে তিনি নিজেই এ কথা জানান।
গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, ইসরায়েলের কারাগারে আটক সাংবাদিক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক এ তথ্য জানিয়েছেন।























