ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

- প্রকাশের সময় : ০১:৫৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / 87

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে দেশটির ভূতাত্ত্বিক সংস্থা এবং জনগণকে দ্রুত উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভূমিকম্পটি শুক্রবার মিন্ডানাও অঞ্চলের দাভাও ওরিয়েন্টাল প্রদেশের মানায় শহরের উপকূলবর্তী সমুদ্রে আঘাত হানে। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
প্রতিষ্ঠানটি সতর্ক করেছে, স্বাভাবিক জোয়ারের চেয়ে এক মিটারেরও বেশি উচ্চতার সুনামি ঢেউ দেখা যেতে পারে। সংকীর্ণ উপসাগর ও প্রণালিগুলোর আশপাশে ঢেউয়ের উচ্চতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়দের দ্রুত উঁচু স্থান বা মূল ভূখণ্ডের ভেতরে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্র : আলজাজিরা























