তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন

- প্রকাশের সময় : ১১:৩০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / 92

চীন ক্রমবর্ধমানভাবে তাইওয়ানকে ঘিরে সামরিক কর্মকাণ্ড বাড়াচ্ছে এবং নতুন অস্ত্র ও প্রযুক্তি উদ্ভাবন করছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, এসব প্রস্তুতির মূল লক্ষ্য হতে পারে পার্শ্ববর্তী তাইওয়ানে আকস্মিক হামলার সক্ষমতা অর্জন করা।
প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের পর থেকে চীনা বাহিনী অন্তত ছয়বার বড় আকারের সামরিক মহড়া চালিয়েছে তাইওয়ানের চারপাশে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাইওয়ানের সাইবার নিরাপত্তা দুর্বল করার চেষ্টা করছে তারা। গুরুত্বপূর্ণ অবকাঠামো ও যোগাযোগব্যবস্থায় দুর্বলতা খুঁজে বের করতে উন্নতমানের স্ক্যানিং প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, চীন ‘হাইব্রিড যুদ্ধকৌশল’ প্রয়োগ করছে—যার লক্ষ্য জনগণের সরকারে আস্থা নষ্ট করা ও প্রতিরক্ষা ব্যয়ে জনসমর্থন কমিয়ে দেওয়া। একই সঙ্গে ‘গ্রে জোন’ কৌশলও ব্যবহার করছে তারা, যেমন উপকূলরক্ষী টহল ও সামুদ্রিক নজরদারি—যা সরাসরি যুদ্ধ নয়, তবে ধারাবাহিক চাপ সৃষ্টি করছে।
প্রতিবেদনে আরও আশঙ্কা জানানো হয়, বেইজিং যেকোনো সামরিক মহড়াকে হঠাৎ বাস্তব যুদ্ধ অভিযানে রূপ দিতে পারে—যা তাইওয়ান ও তার মিত্রদের অপ্রস্তুত অবস্থায় ফেলবে এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে।
এছাড়া, চীন বেসামরিক মালবাহী জাহাজগুলোকে সামরিক কাজে ব্যবহার করছে এবং সৈন্য ও অস্ত্রসজ্জিত যান নামানোর জন্য বিশেষায়িত অবতরণ সরঞ্জাম তৈরি করছে বলেও উল্লেখ করা হয়।
তবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে, অন্যদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-টে স্পষ্ট জানিয়েছেন—তাইওয়ানের ভবিষ্যৎ নির্ধারণ করবে একমাত্র এখানকার জনগণ, বাইরের কেউ নয়।























