ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে নিহত ৫০

- প্রকাশের সময় : ১২:৩০:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / 86

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি স্কুলভবন ধসে অন্তত ৫০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি (বাসারনাস) এ তথ্য নিশ্চিত করেছে।
বাসারনাসের অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তিও জানান, এখন পর্যন্ত ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১০৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৮ জন। ধ্বংসস্তূপের প্রায় ৬০ শতাংশ পরিষ্কার করা হয়েছে, তবে স্কুলের সঙ্গে সংলগ্ন একটি ভবনও ধসে পড়ায় উদ্ধার তৎপরতা জটিল হয়ে পড়েছে।
অন্যদিকে, ন্যাশনাল এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার্স (বিএনপিবি) জানিয়েছে, আহতদের মধ্যে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে, বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার দুপুরে পূর্ব জাভার সিদোয়ার্জো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুল ও তার সংলগ্ন ভবন ধসে পড়ে। ভবন ধসের সময় সেখানে কয়েক শ’ কিশোর শিক্ষার্থী উপস্থিত ছিল।
শিক্ষকদের বরাতে জানা গেছে, ভবনের ছাদে নতুন তলা নির্মাণের কাজ চলছিল। কিন্তু স্কুলটির ভিত্তি অতিরিক্ত তলা ধারণের উপযোগী না থাকায় এ দুর্ঘটনা ঘটে।
সূত্র: আনাদোলু এজেন্সি
























