গুরুত্বপূর্ণ সংবাদ:
সাকিবকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না: ক্রীড়া উপদেষ্টা
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৩:২৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / 99
জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে পারবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, ‘তাকে (সাকিব) বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না। বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এতদিন বিসিবিকে না বললেও এখন আমার স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ দলে খেলতে পারবেন না।’
ক্রীড়া উপদেষ্টা অভিযোগ করেন, সাকিব রাজনীতির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছেন। যদিও তিনি বিভিন্ন সময় খেলার স্বার্থে নিজেকে রাজনীতি থেকে দূরে থাকার দাবি করেছেন। এ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘যতবার তিনি দেশে খেলার জন্য এসেছেন, বলেছেন- আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছে। কিন্তু আসল সত্য হচ্ছে, তিনি আওয়ামী রাজনীতির সঙ্গেই সম্পৃক্ত, যার প্রমাণ আমরা পেয়েছি।’
প্রমাণ হিসেবে সাকিবের সাম্প্রতিক একটি ফেসবুক পোস্টের কথা উল্লেখ করেন ক্রীড়া উপদেষ্টা। সেখানে সাকিব ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, “শুভ জন্মদিন, আপা।”
এরপর নিজের ফেসবুকেও প্রতিক্রিয়া দেন আসিফ মাহমুদ। তিনি লেখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি ঠিক ছিলাম। আলোচনার এখানেই সমাপ্তি।’
উল্লেখ্য, ২০২৪ সালে জাতীয় দলে খেলার সময়ই সাকিব আল হাসান আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ওই বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার রাজনৈতিক ক্যারিয়ার স্থবির হয়ে যায়।
Tag :






















