কালুখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

- প্রকাশের সময় : ০৬:২৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 128

রাজবাড়ীর কালুখালীতে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাওরাইল ইউনিয়নের বিশোসাওরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মোল্লা গ্রুপের তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন মৃত জিয়ারত মোল্লার ছেলে শাহাদাত মোল্লা (৫৫), মৃত কেরামত মোল্লার ছেলে কাসেম মোল্লা (৫৫) এবং মৃত আলী মোল্লার ছেলে নিয়ামুল মোল্লা (৫০)। আহতদের মধ্যে শাহাদাত মোল্লা গুরুতর আহত অবস্থায় বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
অন্যদিকে মন্ডল গ্রুপের তিনটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটেছে। এ ঘটনায় মানিক মন্ডলের বাড়ি থেকে দুইটি গরু, তিনটি ছাগল ও নগদ অর্থ লুট হওয়ার অভিযোগ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনা সূত্রপাত ঘটে মন্ডল গ্রুপের জুয়েল রানা ও মোল্লা গ্রুপের হেলাল মন্ডলের মধ্যে অর্থ লেনদেন নিয়ে। শুক্রবার রাত ৮টার দিকে মাজাইল-সাওরাইল সড়কের মাঝামাঝি স্থানে মন্ডল গ্রুপের লোকজন পরিকল্পিতভাবে শাহাদাত মোল্লাসহ তিনজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এর পরের সকালে মোল্লা গ্রুপের লোকজন প্রতিশোধ হিসেবে মন্ডল গ্রুপের তিনটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহেদুর রহমান বলেন, “ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এখনও পর্যন্ত কোন পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং কাউকে আটক করা হয়নি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।”
উল্লেখ্য, বিশোসাওরাইল গ্রামে মোল্লা গ্রুপের নেতৃত্ব দেন শাহাদাত মোল্লা, আর মন্ডল গ্রুপের নেতৃত্ব দেন হেকমত মন্ডল।




















