রাজবাড়ীর কালুখালীতে মধ্যরাতে মাইক্রোবাসে অগ্নিকাণ্ড

- প্রকাশের সময় : ০১:৪৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / 163

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রতনদিয়া গ্রামে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জীবিকার একমাত্র বাহন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মালিক মো. রিপন শেখ।
স্থানীয় সূত্র জানায়, রিপন শেখ প্রতিদিনের মতো সোমবার রাতে তার মাইক্রোবাস বাড়ির পাশের একটি ছোট ঘরে রেখে ঘুমাতে যান। মধ্যরাতে আগুন লাগার শব্দ শুনে বাইরে এসে দেখেন তার গাড়িটি আগুনে জ্বলছে। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরো মাইক্রোবাসটি পুড়ে ভস্মীভূত হয়।
মালিক রিপন শেখ অভিযোগ করে বলেন, “আগেও এভাবে আমার আরেকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। আবারও একই ঘটনা ঘটলো। আমি পুরোপুরি শেষ হয়ে গেলাম।”
স্থানীয় ইউপি সদস্য মো. হালিম বিশ্বাস জানান, রিপন শেখ দীর্ঘদিন সুনামের সঙ্গে মাইক্রোবাস সার্ভিসের ব্যবসা করে আসছেন। রাতের ঘটনায় তার বড় ক্ষতি হয়েছে।
কালুখালী থানার ওসি মোহাম্মদ জাহেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















