ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু

- প্রকাশের সময় : ০৬:৪৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 137

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন।
রোববার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রামে ৭৭ জন, ঢাকার বাইরে জেলায় ১৪৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন, খুলনায় ৫২ জন, ময়মনসিংহে ২২ জন, রাজশাহীতে ২৮ জন, রংপুরে তিনজন এবং সিলেটে ৯ জন ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় যেসব ১২ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে বরিশাল বিভাগে পাঁচজন, চট্টগ্রামে একজন, ঢাকা উত্তর সিটিতে তিনজন, ঢাকা দক্ষিণ সিটিতে দুজন এবং ময়মনসিংহে একজন রয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪১ হাজার ৮৩১ জন রোগী। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৯ হাজার ৬৩১ জন।
গত বছর (২০২৪) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন মারা যান এবং আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
























