প্রধান উপদেষ্টার সঙ্গে নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- প্রকাশের সময় : ১২:৪৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / 180
বাংলাদেশে নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
আজ রবিবার (২৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে প্রধান উপদেষ্টা সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্বগ্রহণের জন্য শুভেচ্ছা জানান এবং তার কার্যকালে বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও, তিনি রাষ্ট্রদূতের মেয়াদকালে সৌদি সরকারের সঙ্গে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের গভীরতার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ক আরো সম্প্রসারিত করার সুযোগ রয়েছে।
তিনি প্রস্তাব করেন, সৌদি আরব বাংলাদেশে উৎপাদন খাত প্রতিষ্ঠার বিষয়ে বিবেচনা করতে পারে। বাংলাদেশের ভৌগোলিক কৌশলগত অবস্থান, স্বল্পমূল্যের শ্রম এবং প্রাকৃতিক সম্পদ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে, জ্বালানি খাত (তেল পরিশোধনাগারসহ), স্বাস্থ্য, স্বাস্থ্যশিক্ষা এবং ওষুধ শিল্পে।
জবাবে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ ও সৌদি আরবের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে জানান, সৌদি বিনিয়োগ কোম্পানি ‘রেড সি গেটওয়ে টার্মিনাল’ পতেঙ্গা কনটেইনার টার্মিনাল ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে যুক্ত রয়েছে। সৌদি সরকার বাংলাদেশে একটি আরবি ভাষা ইনস্টিটিউট এবং ৮টি শহরে ৮টি মসজিদ নির্মাণে ২ কোটি মার্কিন ডলার বরাদ্দ করেছে।
তিনি প্রধান উপদেষ্টার কাছে সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী কর্তৃক আগামী অক্টোবর মাসে রিয়াদে অনুষ্ঠেয় ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ফোরামের’ ৯ম সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
প্রধান উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে সৌদি আরবের ক্রাউন প্রিন্সের বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে সৌদি রাষ্ট্রদূতের হাতে ২০২৪ সালের জুলাই মাসের গ্রাফিতি সংকলন উপহার হিসেবে তুলে দেন।
সাক্ষাতের সময় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।




















