পাংশায় ইউপি সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম
- প্রকাশের সময় : ০৫:৩০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / 324
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য জাকির হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে পাট্টা ইউনিয়নের পুইজোর বাজারে এ ঘটনা ঘটে। আহত জাকির হোসেন বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তার বাড়ি একই ইউনিয়নের পুইজোর গ্রামে।
আহতের স্ত্রী রুকাইয়া বেগম জানান, তার স্বামী প্রতিদিনই বাড়ির পাশর্^বর্তী পুইজোর বাজারে যান। শনিবার রাত ৯টার দিকে বাজারে গেলে ১০/১৫ জন দুর্বৃত্ত তার স্বামীর উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। তার মাথার দুই স্থানে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। ১২টি সেলাই দিতে হয়েছে। এক হাত ভেঙে গেছে ও পায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কয়েকদিন আগে ছাগল নিয়ে এক ব্যক্তির সাথে ঝামেলা হয়। এটা নিয়েই হামলা বলে ধারণা করছেন তিনি।
পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


























