পরিত্যক্ত পুকুরে ভাসছিল এক ব্যক্তির মরদেহ

- প্রকাশের সময় : ০৭:৪৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / 130

রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের বিলনয়াবাদ গ্রামের একটি পুকুর থেকে সোমবার সকালে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। তার পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, যে পুকুর থেকে মরদেহ উদ্ধার হয়েছে সেটি চান্দু শেখ নামে এক ব্যক্তির পুকুর। শুষ্ক মৌসুমে পানি থাকেনা। সম্প্রতি বৃষ্টিতে পুকুরটিতে পানি জমেছে। সকালে চান্দু শেখের বোন আলেয়া বেগম পুকুর পাড়ে গাছ থেকে পেঁপে আনতে গিয়ে মরদেহটি ভাসতে দেখেন।
চান্দু শেখ বলেন, তার পুকুরে মরদেহ ভাসছে এমন খবর পেয়ে সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানান।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল জানান, ধারণা করা হচ্ছে চার পাঁচ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহে পচন ধরেছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। পরিচয়ও শনাক্ত করা যায়নি। স্থানীয় লোকজন তাকে চিনতে পারেনি। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
























