ঈদে দৌলতদিয়ায় চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ

- প্রকাশের সময় : ০৯:৫৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / 123

আসন্ন ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলবে, পশুবাহী ট্রাক পারাপারে থাকবে বিশেষ ব্যবস্থা। ঈদের আগাম প্রস্তুতির অংশ হিসেবে শনিবার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ। কোরবানির পশুবাহী ট্রাক পারাপারে থাকবে বিশেষ ব্যবস্থা। যাতে করে পশুবাহী যানবাহনগুলো সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে এবং কোরবানির পশুর সুরক্ষা নিশ্চিত হয়। এছাড়া বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন সরকার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রীনাথ সাহা, ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) আতাউর রহমান খান, বিআরটিএর সহকারী পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন, বিআইডবিøউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন, বিআইডবিøউটিএ টিআই সাগর মল্লিক, জেলা সড়ক পরিবহন মালিক গ্রæপের সভাপতি জুয়েল চৌধুরী, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রমজান আলী, লঞ্চ মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ মল্লিক প্রমুখ।
সভায় সংশ্লিষ্টরা বলেন, ঘাট ব্যবস্থাপনায় সমন্বয় জোরদার করা হবে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্বে থাকবে এবং যেকোনো অনিয়ম বা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া বিশেষ করে গরু বোঝাই ট্রাক যেন দীর্ঘ সময় অপেক্ষা না করে সেজন্য অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের ব্যবস্থা থাকবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ঈদের সময় যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পায়, তাই ঘাটে শৃঙ্খলা রক্ষা এবং নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই এই প্রস্তুতির মূল লক্ষ্য। সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
























