রাইড শেয়ারিং চালকদের শ্রমিক হিসেবে স্বীকৃতির সুপারিশ
- প্রকাশের সময় : ১১:৫৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / 118
রাইড শেয়ারিং ও গিগ অর্থনীতিতে যুক্ত চালকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন। এসব শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রম অধিকার নিশ্চিত করতে একটি নিয়ন্ত্রক সংস্থা গঠনেরও প্রস্তাব দেওয়া হয়েছে।
সম্প্রতি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়। এতে দেশের গিগ বা প্ল্যাটফর্ম অর্থনীতি খাতের শ্রমিকদের অধিকার সুরক্ষার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বহুজাতিক রাইড শেয়ারিং কোম্পানিগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করে আন্তর্জাতিক মান অনুযায়ী শ্রমিক সুরক্ষা, যৌক্তিক মজুরি এবং শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। চালক ও যাত্রী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ডেটাবেইস সংরক্ষণ, সার্বক্ষণিক (২৪/৭) কল সেন্টার এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা চালুর পরামর্শও দেওয়া হয়েছে।
কমিশন বলেছে, রাইড শেয়ারিং খাতের শ্রমিকদের জন্য একটি বিশেষ মজুরি কাঠামো নির্ধারণ করতে হবে এবং কোম্পানিগুলোর কমিশন হার যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে হবে।
এ ছাড়া সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জনবল কাঠামো হালনাগাদ করে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধের পরামর্শ দিয়েছে কমিশন। এর পরিবর্তে সরাসরি নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আউটসোর্সিং পদ্ধতিতে দীর্ঘদিন কর্মরত শ্রমিকদের শ্রম আইনের আওতায় এনে তাদের অধিকার নিশ্চিত করতে মূল নিয়োগ কর্তৃপক্ষকে দায়বদ্ধ করতে হবে। পাশাপাশি, বিনা কারণে ছাঁটাই বন্ধ, প্রকল্প শেষে যোগ্য শ্রমিকদের রাজস্বখাতে স্থায়ী নিয়োগ, সংগঠিত হওয়ার অধিকার এবং সিবিএ নির্বাচনে ভোটাধিকার দেওয়ার সুপারিশ করা হয়েছে।

























