‘৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম, সৌদির অনুদান নেই’
- প্রকাশের সময় : ১০:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / 117
সরকারি অর্থায়নে নির্মিত ৫৬০টি মডেল মসজিদে ব্যাপক অনিয়ম হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
অনিয়মের বিষয়গুলো ধর্ম মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তদন্ত করে দেখছে জানিয়ে প্রেসসচিব বলেন, পতিত স্বৈরাচার সরকার এক বিলিয়ন ডলার ব্যয়ে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছে। তাদের সমর্থকরা বলতে চেষ্টা করেন, এটি সৌদি সরকারের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্প। কিন্তু সৌদি আরব এখানে এক টাকাও দেয়নি। এটি জনগণের করের টাকায় বাস্তবায়িত একটি প্রকল্প।
তিনি বলেন, প্রতিটি মসজিদের নির্মাণ ব্যয় ১৭ কোটি টাকা। অনেকেই মনে করেন, এটি অর্ধেক খরচে নির্মাণ করা সম্ভব ছিল। এই বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় প্রকল্পের দুর্নীতি তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে। এই কমিটি মসজিদ নির্মাণে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, তা তদন্ত করে দেখবে।






















