জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াতে ইসলামী
- প্রকাশের সময় : ০৫:৩৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 140
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দাবি করেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দানে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি এ দাবি করেন।
কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে কোনো জনপ্রতিনিধি নেই। ফলে স্থানীয় অবকাঠামো নির্মাণ, অগ্রগতি ও উন্নয়ন ব্যাহত হচ্ছে। রিলিফ, ভিজিডি, কাবিখা ইত্যাদির জন্য জনগণ জন প্রতিনিধিদের কাছে আসে, কিন্তু তারা এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অনেকে মনে করেন, নিরপেক্ষভাবে স্থানীয় নির্বাচন হলে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলবাজরা জয়ী হতে পারবে না। তাই তারা আগে জাতীয় নির্বাচন চায়। কিন্তু আমরা চাই, আগে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন হোক।”
নির্বাচন কমিশনের সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের যৌক্তিক সংস্কার করতে হবে। তারপর অপরাধীদের বিচার করতে হবে। এরপর স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করে জাতীয় নির্বাচন দিতে হবে।
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলনে অন্যদের মাঝে বক্তৃতা করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ, কে›ন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. দোলেওয়ার হোসেন প্রমুখ।




















