ভাত ছাড়াই ৩৫ বছর কাটালেন শরিফ
- প্রকাশের সময় : ০৭:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / 121
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শরিফ নামে এক যুবকের ৩৫ বছর জীবন কেটেছে ভাত না খেয়েই। শিশুকাল থেকেই তিনি ভাতের পরিবর্তে রুটি খেয়েই জীবনটা কাটালেন তিনি। এ কারণে এলাকায় ‘রুটি’ শরীফ নামে পরিচিত তিনি।
জানা যায়, শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের মৃত রজব আলী মোল্লার সন্তান শরিফ মোল্লা পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক। তার প্রতিদিনের খাদ্য তালিকায় রয়েছে, রুটি, সবজি সঙ্গে মাংস কিংবা ডিম ভাজি। কখনো তিনি ভাত খাননি।
শরিফের পরিবার ও গ্রামবাসীরা জানায়, ছয় মাস বয়সে শরিফের মুখে ভাত তুলে দেওয়ার চেষ্টা করে তার মা। শিশুকালেই ভাত উগ্রে দিয়েছিল শরিফ। এরপর বারবার তাকে ভাত খাওয়ানোর চেষ্টা করা হয়েও ব্যর্থ হয় পরিবারের লোকজন। শুধু ভাত নয়, চালের তৈরি কোনো প্রকার খাবারই খাননি শরিফ। তার প্রিয় খাবার রুটির সঙ্গে সবজি বা ভাজি। কখনো কখনো রুটির মাংস বা ডিমও খান। তার এমন খাদ্যাভাসের কথা এলাকায় ছড়িয়ে পড়ে। একজন বাংলাদেশি বাঙালি হয়ে কীভাবে ভাতবিহীন বেঁচে আছেন শরিফকে দেখতে প্রায়ই বাড়িতে লোকজন ভিড় জমান। এভাবে তিনি এলাকায় ‘রুটি’ শরিফ নামে পরিচিত হয়েছেন।
প্রায় ১০ বছর আগে বিয়ে করেছেন শরিফ। বর্তমানে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তার স্ত্রী আমেনাও প্রথম দিকে স্বামীর এমন খাদ্যাভাসে অবাক হয়েছিলেন।
শরিফের এ খাদ্যাভ্যাসের কারণে এলাকায় পরিচিত। লাজুক প্রকৃতির এ ব্যক্তি যেখানেই যান কেবল একটি প্রশ্নই ঘুরেফিরে শুনতে হয়-‘কেন ভাত খান না আপনি’? প্রথমদিকে বিব্রত হলেও এখন সয়ে গেছে তার। বাকি জীবন এই রুটি খেয়েই কাটাতে চান বলেও জানান এ যুবক।























