এখনও শঙ্কামুক্ত নন ইজারাদার হান্নান
- প্রকাশের সময় : ০৮:১৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
- / 314
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী পৌরসভা কার্যালয় চত্ত্বরে প্রকাশ্য দিবালোকে হাট ইজারাদার মো. আব্দুল হান্নানকে এলোপাথারি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সে রাজবাড়ী শহরের রেল কলোনী এলাকার মো. শাজাহানের ছেলে। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন হান্নান এখনও শঙ্কামুক্ত নন।
জানা গেছে, রাজবাড়ী বাজারের ভুষিমাল পট্টির ব্যবসায়ীরা খাজনা সংক্রান্ত বিষয় নিয়ে পৌর মেয়র আলমগীর শেখ তিতুর সঙ্গে দেখা করতে যান। সেখানে আব্দুল হান্নানও ছিলেন। ব্যবসায়ীরা ফিরে যাবার পর আব্দুল হান্নানকে পৌর কার্যালয়ের সামনে এলোপাথারিভাবে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেও অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় প্রেরণ করা হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত সিনিয়র স্টাফ ব্রাদার আব্দুল্লাহ আল মামুন জানান, হান্নানের হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, হান্নানকে কোপানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের ধরতে পুলিশ কাজ করছে।
এব্যাপারে রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতুর বক্তব্য জানার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও কথা বলা সম্ভব হয়নি।

























