সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন বিভাগীয় তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম

- প্রকাশের সময় : ০৭:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 2

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাইফুল ইসলাম। অন্যদিকে, দীর্ঘদিন দায়িত্ব পালনের পর বিদায় নিয়েছেন শাহ সুফি নূর মোহাম্মদ। তাঁকে বাংলাদেশ রেলওয়ের ঢাকার রেলভবনে পরিচালক (যান্ত্রিক) পদে পদায়ন করা হয়েছে।
এ উপলক্ষে কারখানা প্রাঙ্গণে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং নবাগত সাইফুল ইসলামকে বরণ করে নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বদলির আদেশ জারির পরও নতুন বিভাগীয় তত্ত্বাবধায়ক যোগ না দেওয়া পর্যন্ত কারখানার দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেন শাহ সুফি নূর মোহাম্মদ। অনুষ্ঠানে সহকর্মীরা তাঁর দায়িত্বশীলতা ও নেতৃত্বের প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী (ডিইই) খাইরুল ইসলাম, উৎপাদন প্রকৌশলী (পিই) ও অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মব্যবস্থাপক (ডব্লিউএম) জাহিদ হাসান, জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক মোহাম্মদ মারুফসহ কারখানার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, প্রকৌশলী ও কর্মচারীরা।
বক্তারা বলেন, কারখানার উৎপাদন সচল রাখা, অনুকূল কর্মপরিবেশ বজায় রাখা এবং সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার ক্ষেত্রে শাহ সুফি নূর মোহাম্মদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
নতুন বিভাগীয় তত্ত্বাবধায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে কারখানার উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, রক্ষণাবেক্ষণ কার্যক্রমের গতি বাড়ানো এবং সার্বিক উন্নয়নে অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তা-কর্মচারীরা।






















