নীলফামারীতে পুকুরপাড়ে ককটেলসদৃশ চার বস্তু, এলাকায় আতঙ্ক

- প্রকাশের সময় : ০৭:১৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 11

নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের একটি পুকুরপাড় থেকে লাল স্কচটেপে মোড়ানো চারটি সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে পুলিশ। বস্তুগুলো ককটেলসদৃশ হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সেগুলো প্রকৃতপক্ষে ককটেল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
রবিবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে ইউনিয়নের গাছবাড়ি বনবিভাগ এলাকার বাসিন্দা আইজুল ইসলামের পুকুরপাড়ে বস্তুগুলো পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।
স্থানীয় বাসিন্দা মফিজার রহমান জানান, সকালে চিৎকার-চেঁচামেচি শুনে তিনি পুকুরপাড়ে গিয়ে লাল টেপে মোড়ানো চারটি বস্তু পড়ে থাকতে দেখেন। পরে টুপামারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মজিবর রহমান ঘটনাস্থলে গিয়ে নীলফামারী সদর থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। পরে সতর্কতার সঙ্গে বস্তুগুলো উদ্ধার করা হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, উদ্ধার করা বস্তুগুলো প্রকৃতপক্ষে ককটেল, নাকি আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে রাখা অন্য কোনো বস্তু, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল পরীক্ষা করার পর বস্তুগুলোর প্রকৃত ধরন ও ঝুঁকি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।





















