সাভার ও আশুলিয়ায় ৩ বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

- প্রকাশের সময় : ০১:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 3

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে পার্কিং করে রাখা তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) ভোরে এসব ঘটনা ঘটে। এতে বাস তিনটির অধিকাংশ অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটকসংলগ্ন স্থানে এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে পার্কিং করে রাখা দুটি বাসে আগুন দেওয়া হয়।
ভোরে বাস দুটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। পাশাপাশি এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অন্যদিকে, সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী লেনে পার্কিং করে রাখা আরও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বাসটির ডেকোরেশনের অংশ পুড়ে গেছে।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।























