গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর

- প্রকাশের সময় : ০৮:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 0

গোপালগঞ্জে মিছিলে এক যুবককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় চারটি ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) রাতে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক মারধর করেন। এ ঘটনার জেরে রাতে দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।
সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তরা সড়কে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে। এতে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।






















