চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই

- প্রকাশের সময় : ০৪:০০:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 1

- কোনো ফুটবলার চোটে পড়লে খেলা থেমে থাকে না।
- এমনই এক অনিশ্চয়তার মুখে পড়েছেন হ্যারি কেইন।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — কোনো ফুটবলার চোটে পড়লে খেলা থেমে থাকে না। মাঠের লড়াই চলে আপন গতিতে, সতীর্থরা মেতে ওঠেন জয়ের উৎসবে, আবির্ভাব ঘটে নতুন তারকাদের আর মৌসুম এগিয়ে যায় চূড়ান্ত পরিণতির দিকে। কিন্তু মাঠের বাইরে বসে এসব দেখা ফুটবলারটির কাছে মনে হয়, তাকে ছাড়াই পৃথিবীটা অনেক দূর এগিয়ে গেছে।
মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত
এমনই এক অনিশ্চয়তার মুখে পড়েছেন হ্যারি কেইন। শুক্রবার কোলনের বিপক্ষে ১-১ ড্র হওয়া ম্যাচে বাঁ গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের এই স্ট্রাইকারকে। শারীরিক চোটের ধরনটা স্পষ্ট হলেও, দীর্ঘদিন মাঠের বাইরে থাকার মানসিক যন্ত্রণা ঠিক কতটা গভীর, তা কেবল ভুক্তভোগীরাই পুরোপুরি ব্যাখ্যা করতে পারেন।
টটেনহ্যাম হটস্পারের দেইয়ান কুলুসেভস্কির কাছে এই অনুভূতিটা ভীষণ চেনা। ১৮ মাসের দীর্ঘ নির্বাসন তার জীবন থেকে কেবল ফুটবল নয়, আরও অনেক কিছুই কেড়ে নেওয়ার উপক্রম করেছিল।
২০২৪-২৫ মৌসুম শেষ হওয়ার দুই সপ্তাহ আগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হাঁটুতে গুরুতর চোট পান সুইডিশ এই উইঙ্গার। শুরুতে ধারণা করা হয়েছিল, কয়েক মাস পরই ফিরতে পারবেন তিনি। কিন্তু একের পর এক অস্ত্রোপচার ও জটিলতায় পুরো একটি মৌসুম মাঠের বাইরে কাটাতে হয় তাকে। সুইডেনের হয়ে ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্নও ধূলিসাৎ হয়ে যায়।
কৌশল ও দলগত বিশ্লেষণ
তবে সবচেয়ে কষ্টের স্মৃতিগুলো ছিল চিকিৎসা কক্ষের বাইরের।
২০২৫ সালের মে মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ইউরোপা লিগের ফাইনাল খেলতে টটেনহ্যাম দল যখন বিলবাওয়ে যায়, কুলুসেভস্কিও ক্রাচে ভর দিয়ে সতীর্থদের সঙ্গী হয়েছিলেন। দলের শিরোপা উৎসব দেখলেও পিচ্ছিল মেঝের কারণে মঞ্চে উঠে নিজের পদকটি পর্যন্ত নিতে পারেননি তিনি। টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামের বাইরে ছাদখোলা বাসে দলের উদ্যাপন দেখাটাও ছিল তার জন্য ভীষণ বেদনার।
একপর্যায়ে আদৌ আর খেলতে পারবেন কি না, সেই সংশয়ও জেগেছিল তার মনে। সুইডেন কোচ গ্রাহাম পটার যখন তাকে জানান যে বিশ্বকাপে খেলা হচ্ছে না, কুলুসেভস্কি টানা তিন ঘণ্টা দেয়ালের দিকে তাকিয়ে ছিলেন। মাঠে ফেরার যে বিশ্বাস তিনি লালন করেছিলেন, তা মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল।























