ধর্ষণ মামলায় টাইসনের বক্তব্য প্রাধান্য পাওয়ায় সমালোচনা

- প্রকাশের সময় : ১০:০০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 1

- বক্সিং রিংয়ে প্রতিপক্ষকে মুহূর্তেই ধরাশায়ী করতেন।
- রিংয়ের ভয়ংকর মানুষটির শৈশব ও উত্থান১৯৬৬ সালের ৩০ জুন নিউইয়র্কের ব্রুকলিনের ব্রাউনসভিলে জন্ম মাইক টাইসনের।
জনতার আদালত বিনোদন ডেস্ক — বক্সিং রিংয়ে প্রতিপক্ষকে মুহূর্তেই ধরাশায়ী করতেন। একসময় তাঁকে বলা হতো ‘দ্য ব্যাডেস্ট ম্যান অন দ্য প্লানেট’। মাত্র ২০ বছর বয়সে হয়েছিলেন হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু সেই মাইক টাইসনের জীবনেই রয়েছে কারাবাস, ধর্ষণ মামলায় দণ্ড, মাদকাসক্তি, দাম্পত্য কলহ, অর্থনৈতিক বিপর্যয় ও পারিবারিক ট্র্যাজেডি। জীবনের এই বিচিত্র অধ্যায়গুলো নিয়েই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে চার পর্বের প্রামাণ্যচিত্র ‘টাইসন’। মুক্তির পর থেকেই দর্শকের আগ্রহের পাশাপাশি সমালোচকদের মধ্যেও তৈরি হয়েছে বিতর্ক। কেউ বলছেন, জীবনের নানা উত্থান-পতন নিয়ে টাইসনের এমন অকপট স্বীকারোক্তি আগে দেখা যায়নি। আবার কারও অভিযোগ, নিজের অপরাধ ও বিতর্কের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন এই সাবেক বক্সার। মাইক টাইসনকে নিয়ে মানুষের আগ্রহ নতুন নয়। বক্সিংয়ের রিংয়ে তাঁর ভয়ংকর উপস্থিতি, প্রতিপক্ষকে নকআউট করার অবিশ্বাস্য ক্ষমতা, ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক—সব মিলিয়ে কয়েক দশক ধরেই তিনি আলোচনায়। খেলোয়াড় হিসেবে তাঁর পরিচিতি ছাড়িয়ে তিনি হয়ে উঠেছেন জনপ্রিয় সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ চরিত্র। সেই আগ্রহেরই নতুন প্রকাশ নেটফ্লিক্সের প্রামাণ্যচিত্র ‘টাইসন’। ১৩ অক্টোবর মুক্তি পাওয়া চার পর্বের এই সিরিজ প্রথম সপ্তাহেই নেটফ্লিক্সের ইংরেজি ভাষার টিভি সিরিজের বৈশ্বিক তালিকায় চতুর্থ স্থান দখল করে। ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহে সিরিজটি দেখেছেন ৫১ লাখ ভিউ। নেটফ্লিক্সের পরবর্তী সাপ্তাহিক হিসেবেও অবস্থান ধরে রেখেছে সিরিজটি। ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় সপ্তাহে আরও ৩৮ লাখ ভিউ পেয়েছে এটি। দুই সপ্তাহে মোট ভিউ দাঁড়িয়েছে ৮৯ লাখ। দ্বিতীয় সপ্তাহেও ইংরেজি ভাষার সিরিজের তালিকায় চতুর্থ অবস্থানে ছিল ‘টাইসন’। এই সাফল্যের পেছনে বড় কারণ টাইসনের পরিচিতি। তবে শুধু বক্সিংপ্রেমীদের জন্য তৈরি হয়নি সিরিজটি। নির্মাতারাও শুরু থেকেই চেয়েছেন, খেলাধুলার গণ্ডি ছাড়িয়ে একজন মানুষের জীবন, খ্যাতি, ক্ষমতা, অপরাধবোধ ও আত্মপরিচয়ের সংকটকে সামনে আনতে। এ কারণেই বক্সিংয়ের ইতিহাস না জানলেও দর্শকের কাছে সিরিজটি আগ্রহের বিষয় হয়ে উঠেছে।
গল্পের আবহ ও পর্দার চমক
রিংয়ের ভয়ংকর মানুষটির শৈশব ও উত্থান১৯৬৬ সালের ৩০ জুন নিউইয়র্কের ব্রুকলিনের ব্রাউনসভিলে জন্ম মাইক টাইসনের। দারিদ্র্য, পারিবারিক অস্থিরতা, অপরাধপ্রবণ পরিবেশ ও সহিংসতার মধ্যে কেটেছে তাঁর শৈশব। ছোটবেলায় তাঁকে নানা ধরনের বুলিংয়ের শিকার হতে হয়েছে। কৈশোরেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ১৩ বছর বয়সের আগেই একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি।তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেন কিংবদন্তি বক্সিং প্রশিক্ষক কাস ডি’আমাতো। টাইসনের প্রতিভা চিনতে ভুল করেননি তিনি। নিজের তত্ত্বাবধানে রেখে তাঁকে বক্সিংয়ের প্রশিক্ষণ দেন। শুধু খেলোয়াড় হিসেবে নয়, জীবনের নানা দিকেও পথ দেখান। টাইসনের কাছে কাস ছিলেন প্রশিক্ষকের চেয়েও বেশি কিছু—অভিভাবক, পরামর্শদাতা ও জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন।১৯৮৫ সালে পেশাদার বক্সিংয়ে অভিষেকের পর দ্রুত সাফল্য পেতে থাকেন টাইসন। একের পর এক প্রতিপক্ষকে নকআউট করে আলোচনায় আসেন। ১৯৮৬ সালে ট্রেভর বারবিককে হারিয়ে মাত্র ২০ বছর বয়সে হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন হন। বক্সিংয়ের ইতিহাসে তিনিই সবচেয়ে কম বয়সী হেভিওয়েট চ্যাম্পিয়ন। ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ছিলেন অবিসংবাদিত হেভিওয়েট চ্যাম্পিয়ন।সিরিজের প্রথম পর্বে এই উত্থানের গল্পই তুলে ধরা হয়েছে। টাইসনের শৈশবের দুর্দশা, অপরাধজগৎ থেকে বক্সিংয়ে আসা এবং কাস ডি’আমাতোর সঙ্গে তাঁর সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পুরোনো ফুটেজের পাশাপাশি বর্তমান বয়সের টাইসনের সাক্ষাৎকারে উঠে এসেছে অতীতের নানা স্মৃতি। বিশেষ করে কাসের মৃত্যু নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। নিজের জীবনের সবচেয়ে সুখের সময় হিসেবে কাসের তত্ত্বাবধানে কাটানো দিনগুলোর কথা বলেছেন।খ্যাতির চূড়া থেকে পতনটাইসনের জীবনের গল্প শুধু সাফল্যের নয়। বক্সিংয়ের দুনিয়ায় শীর্ষে ওঠার পর তাঁর ব্যক্তিগত জীবন ক্রমেই জটিল হয়ে ওঠে। অভিনেত্রী রবিন গিভেন্সের সঙ্গে বিয়ে, দাম্পত্য কলহ, বিচ্ছেদ, অর্থনৈতিক সংকট ও মাদকাসক্তি—সব মিলিয়ে তাঁর জীবন হয়ে ওঠে অস্থির।
১৯৯০ সালে বস্টার ডগলাসের কাছে হেরে হেভিওয়েট চ্যাম্পিয়নের খেতাব হারান টাইসন। এরপর ১৯৯২ সালে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে যান। তিন বছরের বেশি সময় কারাভোগ করেন। টাইসন বরাবরই অভিযোগ অস্বীকার করেছেন। তবে মামলাটি তাঁর জীবনের সবচেয়ে গুরুতর বিতর্কগুলোর একটি হয়ে আছে।এরপর ১৯৯৭ সালে ইভান্ডার হলিফিল্ডের সঙ্গে লড়াইয়ে প্রতিপক্ষের কানে কামড় বসিয়ে দেন তিনি। ঘটনাটি বক্সিং ইতিহাসের অন্যতম আলোচিত ও বিস্ময়কর মুহূর্ত। এর ফলে তাঁকে খেলার বাইরে থাকতে হয়, জরিমানাও গুনতে হয়। একসময় যাঁর নাম শুনলেই প্রতিপক্ষের মধ্যে ভীতি তৈরি হতো, সেই টাইসনই ধীরে ধীরে নিজের আচরণ ও সিদ্ধান্তের কারণে বিতর্কের কেন্দ্রে চলে আসেন।সিরিজের পরের পর্বগুলোয় এসব ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে। তাঁর জীবনে অর্থের উত্থান-পতন, মাদক ও অ্যালকোহলে আসক্তি, সম্পর্কের ভাঙন এবং পুনরায় নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা উঠে এসেছে। ২০০৯ সালে চার বছর বয়সী মেয়ে এক্সোডাসের দুর্ঘটনাজনিত মৃত্যু তাঁর জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলোর একটি। সেই শোকের কথাও বলেছেন টাইসন।
কীভাবে তৈরি হলো সিরিজ‘টাইসন’ সিরিজের পরিচালক ফ্লয়েড রাস। এর আগে তিনি ‘আনটোল্ড: ম্যালিস অ্যাট দ্য প্যালেস’ এবং ‘আমেরিকান ম্যানহান্ট: দ্য বোস্টন ম্যারাথন বম্বিং’-এর মতো প্রামাণ্যচিত্রে কাজ করেছেন। সিরিজটির নির্বাহী প্রযোজকদের মধ্যে রয়েছেন বিল সিমন্স ও জিম গ্রে।সিরিজটি নির্মাণের অভিজ্ঞতা নিয়ে নেটফ্লিক্সের টুডামকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লয়েড রাস জানিয়েছেন, টাইসনের জীবনের পরিচিত ঘটনাগুলো নিয়েই শুধু কাজ করতে চাননি তিনি। তাঁর লক্ষ্য ছিল, ৬০ বছর বয়সী টাইসনকে নিজের জীবন ফিরে দেখার সুযোগ দেওয়া। রাসের ভাষায়, টাইসনের জীবনের গল্প আগেও অনেকবার বলা হয়েছে। কিন্তু এ বয়সে এসে তিনি যেভাবে নিজের অতীত নিয়ে ভাবছেন, সেটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে।নির্মাতা জানান, ৮ থেকে ১২ মাসের মধ্যে টাইসনের সঙ্গে প্রায় আটবার সাক্ষাৎকার নিয়েছেন তাঁরা। শুধু বসে সাক্ষাৎকার নেওয়াই নয়, টাইসনের শৈশবের এলাকা ব্রাউনসভিল, বক্সিং শেখার পুরোনো জিম, লাস ভেগাস এবং ফ্লোরিডায় তাঁর বর্তমান বাড়িতেও গেছেন নির্মাতা ও তাঁর দল। পুরোনো ছবি ও ভিডিও সংগ্রহের জন্য চারজন আর্কাইভ প্রযোজক টানা ১৬ মাস কাজ করেছেন।রাসের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল পুরোনো সাক্ষাৎকারের সঙ্গে বর্তমানের টাইসনের কথোপকথন মিলিয়ে দেখানো। এতে দর্শক একই ঘটনা সম্পর্কে তরুণ টাইসন কী বলেছিলেন এবং এখন বয়সের ভারে অভিজ্ঞ একজন মানুষ হিসেবে কীভাবে সেটি দেখছেন, তা তুলনা করতে পারবেন।সিরিজটির প্রযোজক জেনা মিলম্যান, জ্যাকব মিলার ও অ্যালেক্সা গিন্সবার্গ। নির্বাহী প্রযোজকদের তালিকায় আরও আছেন আমান্ডা স্পেন, ইয়োনা ম্যাকলাফলিন, গ্রেগ সি লেক, মাইকেল হিউজ, ডগলাস ব্যাংকার ও পরিচালক ফ্লয়েড রাস। সংগীত পরিচালনা করেছেন রাফার্টি।
সামাজিক মাধ্যমে আলোচনা ও পর্যালোচনা
কেন এত আগ্রহ দর্শকেরটাইসনের জীবন নিয়ে আগেও বই, সিনেমা ও প্রামাণ্যচিত্র তৈরি হয়েছে। ২০০৮ সালে তাঁর জীবন নিয়ে নির্মিত হয়েছিল ‘টাইসন’ নামের আরেকটি প্রামাণ্যচিত্র। ২০১২ সালে স্পাইক লির পরিচালনায় ব্রডওয়েতে একক মঞ্চ পরিবেশনাও করেন তিনি। তাহলে নতুন করে এই গল্প দেখার আগ্রহ কেন?এর একটি উত্তর দিয়েছেন পরিচালক ফ্লয়েড রাস নিজেই। তাঁর মতে, টাইসনকে কেবল একজন বক্সার হিসেবে দেখলে তাঁর জীবনের অনেক কিছুই অজানা থেকে যায়। তিনি একজন ক্রীড়া তারকা, ফ্যাশন আইকন, বিতর্কিত জনপ্রিয় ব্যক্তিত্ব এবং এমন একজন মানুষ, যাঁর জীবন গণমাধ্যম ও জনপ্রিয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।টাইসনের জীবনে এত বেশি নাটকীয় ঘটনা রয়েছে যে প্রতিটি পর্বই আলাদা গল্পের মতো। দারিদ্র্য থেকে বিশ্বসেরা হওয়া, বিপুল অর্থের মালিক হওয়া, আবার সব হারানো, কারাগারে যাওয়া, ব্যক্তিগত জীবনে বিপর্যয়—সবকিছুই দর্শকের কৌতূহল তৈরি করে। এর সঙ্গে যুক্ত হয়েছে তাঁর নিজের মুখে অতীতের গল্প শোনার সুযোগ।
দ্য গার্ডিয়ান’–এর সমালোচক হান্না জে ডেভিস সিরিজটিকে চারটির মধ্যে মাত্র এক তারকা দিয়েছেন। তাঁর অভিযোগ, টাইসনের জীবনের অন্ধকার অধ্যায়গুলো নিয়ে যথেষ্ট জবাবদিহি তৈরি করতে পারেনি প্রামাণ্যচিত্রটি। বরং নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ বেশি পেয়েছেন টাইসন। ‘দ্য গার্ডিয়ান’–এর আরেক সমালোচক অ্যান্ড্রু লরেন্সও সিরিজটিকে অসম্পূর্ণ প্রতিকৃতি হিসেবে দেখেছেন। তাঁর মতে, টাইসন নিজের জীবনের অনেক কিছু অকপটে বললেও সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর দায় স্বীকার করার ক্ষেত্রে তাঁর অনীহা স্পষ্ট।
আরেকটি বিষয় হলো, টাইসন কখনোই খুব প্রচলিত অর্থে নিজেকে সংযত করে উপস্থাপন করেননি। সাক্ষাৎকারে রাগ, আবেগ, অনুশোচনা কিংবা আত্মপক্ষ সমর্থন—সবই প্রকাশ করেছেন। নতুন সিরিজেও তাঁর এই স্বভাব দেখা গেছে। কোথাও তিনি আবেগপ্রবণ, কোথাও ক্ষুব্ধ, আবার কোথাও নিজের অতীতের দিকে তাকিয়ে প্রশ্ন তুলেছেন, কেন একসময় হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়াটাই তাঁর কাছে এত গুরুত্বপূর্ণ ছিল।সিরিজের শেষ পর্বে রয়েছে আরও চমক। সেখানে টাইসন ও নির্মাতা রাসকে একসঙ্গে সাইকেডেলিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে দেখা যায়। টাইসন জানিয়েছেন, তাঁর ভাষায় ‘টোড’ নামের এই সাইকেডেলিক অভিজ্ঞতা মাদকাসক্তি থেকে বেরিয়ে আসতে তাঁকে সাহায্য করেছে। তাঁর দাবি, এই অভিজ্ঞতার পর তিনি কোকেন ও মদ্যপান ছেড়ে দিয়েছেন। নির্মাতাও সেই অভিজ্ঞতায় অংশ নেন। সিরিজের শেষাংশের এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার বিষয় হয়েছে।



















