মান্দায় দুই অবৈধ ইটভাটাকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

- প্রকাশের সময় : ০২:৫৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 0

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার কুসুম্বা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইনের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাত চৌধুরী উপস্থিত ছিলেন।
অভিযানে অবৈধভাবে পরিচালিত মেসার্স সাদিক ব্রিকস ও মেসার্স সীমানা ব্রিকস নামের দুটি ইটভাটার কর্তৃপক্ষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন। এ সময় নওগাঁর ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন জানান, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















