মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশে ওয়াই–ফাই ৮ রাউটার ছাড়ল টিপি–লিংক

- প্রকাশের সময় : ১০:০০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 3

বাংলাদেশে পরবর্তী প্রজন্মের তারহীন প্রযুক্তি ‘ওয়াই–ফাই ৮’ রাউটার উন্মোচন করেছে নেটওয়ার্কিং প্রতিষ্ঠান টিপি–লিংক। একই অনুষ্ঠানে নেটওয়ার্কিং পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ‘ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম’ চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘টিপি–লিংক পার্টনার কানেক্ট ২০২৬’ অনুষ্ঠানে নতুন এই প্রযুক্তি উন্মোচন করা হয়। টিপি–লিংকের বাংলাদেশের জাতীয় পরিবেশক এক্সেল টেকনোলজিস লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপি–লিংক সিস্টেমস ইনকরপোরেটেডের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপি–লিংক সিস্টেমস ইনকরপোরেটেডের সার্ক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং ও এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা।
প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য
অনুষ্ঠানে ব্রায়ান ডং বলেন, ‘বাংলাদেশে ভবিষ্যতে যদি উৎপাদন সম্প্রসারণের সুযোগ তৈরি হয় এবং প্রয়োজনীয় জনবল পাওয়া যায়, তাহলে আমরা এখানে উৎপাদনকেন্দ্র স্থাপনের বিষয়টি বিবেচনা করব। কারণ, বর্তমানে এখানে উৎপাদন ব্যয় তুলনামূলকভাবে অনেক কম। এখানকার মানুষও বেশ পরিশ্রমী এবং উচ্চশিক্ষিত জনবল ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা উল্লেখযোগ্য। সবকিছু বিবেচনায় আমার মনে হয়, উৎপাদনকেন্দ্র স্থাপনের জন্য এটি আমাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা।’লিন ওয়াং বলেন, ওয়াই–ফাই ৮ নতুন এই প্রযুক্তি ওয়াই–ফাই ৭–এর তুলনায় ৪০ থেকে ৬০ শতাংশ উন্নত সেবা দেবে। নেটওয়ার্কের পরিস্থিতি বুঝে স্বয়ংক্রিয়ভাবে সংযোগ সমন্বয় করতে পারে এবং একই সময়ে একাধিক ডিভাইস ব্যবহার করলেও এটি স্থিতিশীল সংযোগ নিশ্চিত করতে সহায়তা করবে।
গৌতম সাহা বলেন, ‘২০২৪ সাল থেকে আমরা বাংলাদেশে ওমাডার সঙ্গে কাজ করছি। এই দুই বছরে আমরা শুধু পণ্য বিক্রি করিনি, তার সঙ্গে এক হাজারের বেশি ওমাডা সার্টিফায়েড এক্সপার্ট মানুষ তৈরি করেছি। এরই ধারাবাহিকতায় আমরা “ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম” শুরু করছি।’আলট্রা–হাই রিলায়েবিলিটি নীতির ওপর ভিত্তি করে নির্মিত ওয়াই–ফাই ৮ মূলত তারহীন সংযোগের পরবর্তী বিবর্তন। এটি ক্রমবর্ধমান চাহিদাসম্পন্ন ডিজিটাল পরিবেশে আরও উন্নত নেটওয়ার্ক স্থিতিশীলতা, নিরবচ্ছিন্ন সংযোগ, বিস্তৃত কভারেজ ও ধারাবাহিক পারফরম্যান্স নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়।
এ ছাড়া ওমাডা এক্সপার্ট প্রোগ্রামের মাধ্যমে সিস্টেম ইন্টিগ্রেটর, নেটওয়ার্ক প্রকৌশলী ও প্রযুক্তি অংশীদারদের দক্ষতা উন্নয়নে কাজ করবে প্রতিষ্ঠানটি। এর আওতায় ওমাডা এক্সপার্ট একাডেমি কারিগরি শিক্ষা, পেশাগত উন্নয়ন ও উন্নত নেটওয়ার্কিং সক্ষমতা তৈরির একটি বিশেষ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে এক্সেল টেকনোলজিস লিমিটেড বাংলাদেশের বাজারে আধুনিক নেটওয়ার্কিং প্রযুক্তি পৌঁছে দেওয়া এবং স্থানীয় প্রযুক্তি খাতের সক্ষমতা বাড়াতে টিপি–লিংকের সঙ্গে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

























