প্রথম বলেই আউট রবিন, আগের রাতের গল্প শোনালেন তানজিদ

- প্রকাশের সময় : ০৮:৪৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 5

স্বপ্নের অভিষেকটা দুঃস্বপ্নে পরিণত হতে সময় লাগল মাত্র একটি বল। টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই কাগিসো রাবাদার শিকার হয়ে ফিরতে হলো মাহফিজুল ইসলাম রবিনকে। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে বাংলাদেশের ইনিংস তখন সবে শুরু। অথচ অভিষিক্ত রবিনের জন্য সেটিই হয়ে থাকল শেষ বল। তবে ম্যাচের আগের দিনই ঠিক হয়ে গিয়েছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম বলটি খেলবেন তিনিই। সেটিও নিজের ইচ্ছাতেই!
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
সেই গল্পই দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে শুনিয়েছেন রবিনের ওপেনিং সঙ্গী তানজিদ হাসান তামিম।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে আজ বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে রবিনের। টস জিতে ব্যাটিং নেওয়ার পর তানজিদের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামেন এই তরুণ। কিন্তু রাবাদার প্রথম বলেই সব শেষ। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে গালিতে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দেন রবিন। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ইনিংসে রানের খাতা খোলারও সুযোগ হলো না তার।
অভিষিক্ত সতীর্থকে কেন প্রথম বলের মুখোমুখি হতে পাঠিয়েছিলেন, সংবাদ সম্মেলনে সেই প্রশ্নের মুখে পড়েন তানজিদ। জানতে চাওয়া হয়, রবিন নিজেই কি প্রথম বল খেলতে চেয়েছিলেন, নাকি সিনিয়র হিসেবে তানজিদ তাকে স্ট্রাইক নিতে বলেছিলেন?
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
জবাবে তানজিদ বলেন, ‘গতকালই আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, সকালে কে প্রথম বল খেলতে চায়। সে আমাকে বলেছিল, ও প্রথম বল খেলতে চায়। সে কারণেই আজ প্রথম বল খেলেছে।’
অর্থাৎ অভিষেক ম্যাচের প্রথম বল খেলার সিদ্ধান্তটি ছিল রবিনের নিজেরই। তবে সেই সাহসী সিদ্ধান্তের পরিণতিটা সুখকর হয়নি। রাবাদার দুর্দান্ত ডেলিভারিতে শুরুতেই ফিরতে হয়েছে তাকে।
রবিনের বিদায়ের ধাক্কা সামলে ওঠার আগেই আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে মাত্র ২২ রানেই বাংলাদেশের ৩ উইকেট তুলে নেন রাবাদা। এমন পরিস্থিতিতে তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন তানজিদ। চতুর্থ উইকেটে দুজনের ৯৯ রানের জুটি বাংলাদেশকে প্রাথমিক বিপর্যয় থেকে উদ্ধার করে।




















