গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে ১৮৪ সুফলভোগীর মাঝে উন্নত জাতের হাঁস-মুরগি ও পশুখাদ্য বিতরণ

ইমরান খান
- প্রকাশের সময় : ০২:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 2

রাজবাড়ীর কালুখালী উপজেলায় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত ১৮৪ জন সুফলভোগীর মাঝে উন্নত জাতের হাঁস-মুরগি ও পশুখাদ্য বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টায় কালুখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, কালুখালী এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিতরণ কার্যক্রমে উপজেলার কালিকাপুর ও রতনদিয়া ইউনিয়নের সুফলভোগীদের মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। এর মধ্যে ১০০ জন মুরগি পালনকারীর প্রত্যেককে ৭৫ কেজি করে মুরগির খাদ্য এবং ৮৪ জন হাঁস পালনকারীর প্রত্যেককে ৭৫ কেজি করে হাঁসের খাদ্য দেওয়া হয়। এছাড়া ৩৭ জন ভেড়া পালনকারীকে ২৫ কেজি করে ভেড়ার খাদ্য এবং ৫৪ জন ছাগল পালনকারীকে ১১ কেজি ৪০০ গ্রাম করে ছাগলের খাদ্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিম।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান। এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. মুনতাসির মাহমুদসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের মাধ্যমে কালুখালীর চরাঞ্চলের মানুষের প্রাণিসম্পদ পালনে আগ্রহ বৃদ্ধি পাবে, পারিবারিক আয় বাড়বে এবং তারা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
Tag :






















