রাষ্ট্রদ্রোহ মামলায় আলোচিত সেই এসপি চার দিনের রিমান্ডে

- প্রকাশের সময় : ০৪:২৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 33

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য পাচারের অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে এই আদেশ দেন। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে রিমান্ড প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী সংস্থা সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে নগরের পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়। চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার পরপরই শনিবার দিবাগত রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অফিসার্স মেস থেকে আরআরএফের এই পুলিশ সুপারকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, এসপি জাহাঙ্গীর আলম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে তার যোগাযোগ ছিল। এ ছাড়া পুলিশের অত্যন্ত স্পর্শকাতর ও অভ্যন্তরীণ তথ্য আওয়ামী লীগ নেতাদের কাছে সরবরাহের গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১০ নভেম্বর এসব অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে ডেকে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
ঘটনাটি নিয়ে বিভাগীয় তদন্ত শুরু করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম। মামলাটি পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) অথবা কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) তদন্ত করবে বলে জানা গেছে।
উল্লেখ্য, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
























