ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের

- প্রকাশের সময় : ১০:৩৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 12

সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। এই জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ভারত।
জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচের প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে দুই দলের লড়াই। গোলের একাধিক সুযোগ তৈরি হলেও আক্রমণভাগের ব্যর্থতা ও দুর্ভাগ্যে কোনো দলই জালের দেখা পায়নি। গোলশূন্য সমতায় বিরতিতে যায় বাংলাদেশ ও পাকিস্তান।
ম্যাচ শুরুর পর থেকেই গ্যালারিতে হাজারো দর্শকের ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগানে মুখর হয়ে ওঠে জাতীয় স্টেডিয়াম। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেললেও এদিন পাকিস্তানের বিপক্ষে সমানে সমান লড়াই করে স্বাগতিক বাংলাদেশ। শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল দুই দল।
খেলার মাত্র দুই মিনিটে ডিফেন্ডার শমিতের ভুলে সুযোগ পায় পাকিস্তান। সেই সুযোগে ফরোয়ার্ড আল উজাইর শট নিলেও দারুণ দক্ষতায় তা ধরে ফেলেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। এর পাঁচ মিনিট পর বাংলাদেশের পক্ষে আক্রমণ করেন কাজেম শাহ। তবে তাঁর শট ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট।
২৩ মিনিটে গোলের দারুণ সুযোগ নষ্ট করে বাংলাদেশ। আগের ম্যাচে দুর্দান্ত গোল করা ফারহান আলী ওয়াহিদের নেওয়া কর্নার থেকে বল পান রাকিব হোসেন। তাঁর জোরালো শট গোলপোস্টে লেগে ফিরে আসে। এতে হতাশ হন গ্যালারির দর্শকেরা। এর দুই মিনিট পর বাংলাদেশের রক্ষণভাগে ভুলের সুযোগ নিয়ে শট নেন পাকিস্তানি ফরোয়ার্ড উজাইর। তবে এবারও দলকে রক্ষা করেন গোলরক্ষক শ্রাবণ।
৩২ মিনিটে দুর্ভাগ্যের শিকার হয় পাকিস্তানও। ডিফেন্ডার তারিক কাজী ঠিকমতো মার্কিং করতে না পারায় সুযোগ পেয়ে যান পাকিস্তানি ফরোয়ার্ড আব্দুল সামাদ শেহজাদ। তাঁর শটও গোলপোস্টে লেগে ফিরে আসে। ফলে গোল হজমের হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ।
প্রথমার্ধের শেষ মুহূর্তে ৪১ মিনিটে সুকির বাঁ পায়ের শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে গোলশূন্যই থাকে প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করে পাকিস্তান। সেই গোলের ব্যবধান ধরে রেখে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। অন্যদিকে, লড়াই করেও গোলের দেখা না পাওয়ায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের।





















