সংসদের চতুর্থ অধিবেশন বসছে কাল, উঠতে পারে কয়েকটি বিল

- প্রকাশের সময় : ০৬:০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 14

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে সোমবার (০৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায়। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হয়। সে হিসেবে এই অধিবেশনটি মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার।
এর আগে গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
অধিবেশন আয়োজনে সংসদ সচিবালয় ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস এ অধিবেশন চলতে পারে।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে অধিবেশনটি সংক্ষিপ্ত হবে। তবে এই অধিবেশনে পাঁচ থেকে ছয়টি বিল উঠতে পারে এবং সেগুলোর ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।
আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় মূলত এই অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে। স্বাভাবিক নিয়মে প্রতি বছর জানুয়ারিতে বছরের প্রথম অধিবেশন বসে। সে অনুযায়ী আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে সংসদের পরবর্তী তথা ২০২৭ সালের প্রথম অধিবেশন বসতে পারে।
এদিকে, চতুর্থ অধিবেশন শুরুর দিন জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অধিবেশনের মোট কার্যদিবস, মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত করা হবে।
সংসদ সচিবালয় সংশ্লিষ্টরা জানান, অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ ও সাধারণ আলোচনার বিষয়গুলো থাকছে। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরেও বিরোধী দলের পক্ষ থেকে চলমান ও জনগুরুত্বপূর্ণ কোনো ইস্যুতে আলোচনার প্রস্তাব এলে নির্দিষ্ট সময় নির্ধারণ করে তা নিয়ে আলোচনা হতে পারে।
তবে বহুল আলোচিত সংবিধান সংশোধন প্রস্তাবটি এ অধিবেশনে উপস্থাপন করা হচ্ছে না। সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি প্রস্তাবনা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। আগামী জানুয়ারিতে সংসদের পঞ্চম অধিবেশনে প্রস্তাবটি উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

























