গুরুত্বপূর্ণ সংবাদ:
এলপিজির দাম ফের বাড়ল

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:৪৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 28

আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নভেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে ১২ কেজি বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সোমবার সন্ধ্যায় সংস্থাটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই দিন রাত ৮টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নভেম্বর মাসে প্রতি কেজি বেসরকারি এলপিজির খুচরা মূল্য দাঁড়িয়েছে ১৭১ টাকা ৬৮ পয়সায়। গত অক্টোবরে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। এর আগে অক্টোবরেও ২৫২ টাকা বাড়ানো হয়েছিল; ফলে টানা দুই মাসের ব্যবধানে ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল মোট ৪৭৫ টাকা।
আন্তর্জাতিক বাজারে উপাদান মূল্য সমন্বয়ের ব্যাখ্যায় বিইআরসি জানায়, সৌদি আরামকো ঘোষিত নভেম্বরের মূল্য অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি চুক্তিমূল্য (সিপি) প্রতি মেট্রিক টনে ৪৬ দশমিক ৫০ ডলার বেড়ে ৭৫৯ ডলারে দাঁড়িয়েছে। এর সঙ্গে জাহাজভাড়া, প্রিমিয়াম এবং প্রতি ডলার ১২৩ টাকা ৪৬ পয়সা বিনিময় হার ধরে নতুন এ দর নির্ধারণ করা হয়েছে।
এদিকে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়িয়ে ১ হাজার ৮৬০ টাকা এবং যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটার ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করেছে কমিশন। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা এলপিজির প্রতি কেজির দাম পড়বে ১৬৫ টাকা ৮৫ পয়সা।
এর আগে গত ২৯ অক্টোবর সংশ্লিষ্ট পক্ষগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত গণশুনানির সুপারিশ ও তথ্যাবলি পর্যালোচনা শেষে কমিশন এ সিদ্ধান্ত নেয়।
Tag :
























