গুরুত্বপূর্ণ সংবাদ:
ওয়ানডে সিরিজ শুরুর আগেই নিউজিল্যান্ড শিবিরে জোড়া ধাক্কা

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৪:৩৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 19

ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। চোটের কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন দলের দুই গুরুত্বপূর্ণ তারকা মার্ক চাপম্যান ও রাচিন রবীন্দ্র। এর আগে টি-টোয়েন্টি সিরিজে সফরকারীদের কাছে ৩-২ ব্যবধানে হেরে ব্যাকফুটে রয়েছে কিউইরা।
জানা গেছে, বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের কবলে পড়েছেন চাপম্যান। এমআরআই রিপোর্টে দেখা গেছে, মাঠে ফিরতে তার কমপক্ষে দুই সপ্তাহের পুনর্বাসন প্রয়োজন। অন্যদিকে ডান কাঁধের পুরোনো চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।
চোটের কারণে গুরুত্বপূর্ণ এই দুই ক্রিকেটারকে হারিয়ে হতাশ নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার। দলের ওপর এর প্রভাব তুলে ধরে তিনি বলেন, “চাপম্যান ও রাচিন আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা সবাই জানে। সিরিজের আগে এমন দুজনকে না পাওয়াটা সত্যিই অনেক বড় হতাশার।”
এদিকে এই দুই ক্রিকেটারের বিকল্প হিসেবে তিনজনকে স্কোয়াডে যুক্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। পুরো ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার টিম সাইফার্ট। স্কোয়াডে ভাগাভাগি করে সুযোগ পেয়েছেন হেনরি নিকোলস ও ডিন ফক্সক্রফট; সিরিজের প্রথম তিন ম্যাচে নিকোলস এবং শেষ দুই ম্যাচে খেলবেন ফক্সক্রফট। ঘরোয়া ফোর্ড ট্রফিতে গত শনিবার ক্যান্টারবারির হয়ে ১১৯ রানের অনবদ্য শতক হাঁকিয়ে জাতীয় দলে ফেরার পুরস্কার পেলেন নিকোলস।
এছাড়া টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে ছিটকে যাওয়া পেসার ম্যাট হেনরিকেও ওয়ানডে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে মূল একাদশে তার খেলা নির্ভর করছে ম্যাচ ফিটনেসের ওপর।
আগামী ৪ নভেম্বর অকল্যান্ডের ইডেন পার্কে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে।
Tag :





















