নওগাঁয় বিজিবির পৃথক দুই অভিযান, মাদকসহ আটক ১
- প্রকাশের সময় : ১১:৫৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 13
নওগাঁর ধামইরহাট সীমান্তে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৮ বোতল ফেনসিডিল ও ২০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবিব পিএসসির সরাসরি নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর বিকেল ৫টা ২০ মিনিটে চকিলাম বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোস্তাফিজের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ধামইরহাট থানার চণ্ডীপুর বাজার এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ২৬৫/এমপি থেকে আনুমানিক আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে ২৮টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি বাইসাইকেলসহ মো. জালাল হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ধামইরহাট উপজেলার বাসুদেবপুর গ্রামের মো. মোজাম উদ্দীনের ছেলে।
আটক ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধার করা মালামালসহ তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, রোববার (১৮ অক্টোবর) রাত ১টা ১০ মিনিটে কালুপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. গোলাম আজমের নেতৃত্বে আরেকটি বিশেষ টহল দল ধামইরহাট থানার আলতাদিঘী এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ২৬৯/৫-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।























