মহানবী (স.)কে নিয়ে কটূক্তি, জাবি শিক্ষার্থী বহিষ্কার
- প্রকাশের সময় : ০৬:৩৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 42
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈকত হালদারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশট অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ফেসবুক পেজ ‘জবিয়ান্স’-এর একটি পোস্টের মন্তব্যের ঘরে মহানবী (স.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন সৈকত। সৈকত বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক শিক্ষার্থী।
জানা যায়, গত ১২ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের সামনে গরুর মাংস রান্না করে পিকনিক আয়োজনকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। এ ঘটনায় ‘জবিয়ান্স’ পেজে প্রকাশিত একটি পোস্টের মন্তব্যের ঘরে ধর্মীয় স্থাপনা ও ধর্মীয় অনুভূতি নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করেন কয়েকজন।
ওই পোস্টের মন্তব্যের ঘরে ইশতিয়াক আহমেদ নামের একটি প্রোফাইল থেকে ইসলামিক ডিপার্টমেন্টের সামনে মূর্তিপূজা হলে সেটিও ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করা হয়। এর জবাবে সৈকত লেখেন, ‘নামটাই পাল্টে মোহাম্মদ বিশ্ববিদ্যালয় রাখ।’ পরে মন্তব্যের ধারাবাহিকতায় তিনি মহানবী (স.)-কে ‘বিশ্ব জঙ্গি’ আখ্যা দিয়ে মন্তব্য করেন বলে ছড়িয়ে পড়া স্ক্রিনশটে দেখা যায়। স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর মন্তব্যটি সরিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী রিফাত মাহমুদ নিজের ফেসবুক প্রোফাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং তাঁকে আইনের আওতায় আনার দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের কামালউদ্দিন হলের শিক্ষার্থী আবরার শাহরিয়ার বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে তাঁরা একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কঠোর নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন। তবে ধর্মীয় অবমাননাসংক্রান্ত নীতিমালা প্রণয়নে প্রশাসনের কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে সৈকত হালদার বলেন, ‘এটা আসলে হিট অব দ্য মোমেন্টে হয়ে গেছে। এ জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’




















