নওগাঁয় ৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৪
- প্রকাশের সময় : ০৪:৩১:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / 5
নওগাঁর নিয়ামতপুরে পুলিশের বিশেষ অভিযানে ৫০ লিটার চোলাইমদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৫ নম্বর পাড়ইল ইউনিয়নের কাটাপুকুর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। এ সময় বসতবাড়িটি থেকে ৫০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাটাপুকুর গ্রামের মৃত রুপাই মুর্মুর ছেলে সুনীল মুর্মু (৪৫), মৃত মারাং মুর্মুর ছেলে গোপাল মতি (৪০), চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হলাসপুর গ্রামের মৃত অনিল মাহালীর ছেলে গৌরাঙ্গ মাহালী (৪২) এবং একই গ্রামের মৃত বিদেশী মাহালীর ছেলে লিটন মাহালী (৩৫)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে অবৈধভাবে চোলাইমদ তৈরি ও বিক্রির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।






















