সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ গ্রেপ্তার ৬, জব্দ ২ নৌকা
- প্রকাশের সময় : ০৪:২৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / 6
সুন্দরবনে বন বিভাগের বিশেষ অভিযানে হরিণ শিকারের ফাঁদ ও নিষিদ্ধ খালপাটা জালসহ ছয় বনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অপরাধে ব্যবহৃত দুটি ডিঙি নৌকাও জব্দ করা হয়।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ির আওতাধীন হলদী খালে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন বনকর্মীরা।
চরাপুটিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে বনকর্মীদের একটি দল হলদী খালে নিয়মিত টহল দেওয়ার সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ করা একটি অপরাধী চক্রের সন্ধান পায়। পরে অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ খালপাটা জাল দিয়ে বনের বিভিন্ন খালে মাছ শিকারের পাশাপাশি বন্যপ্রাণী ও হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পেতেছিলেন। অভিযানে তাঁদের কাছ থেকে দুটি ডিঙি নৌকা, নিষিদ্ধ খালপাটা জাল ও বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ হেজবুল্লাহ খন্দকার, মোহাম্মদ সামছুল হক, মোহাম্মদ তমেজ উদ্দিন শেখ, সবুজ শেখ, সউদ শেখ ও নাহিদ শেখ। তাঁরা সবাই বাগেরহাটের মোংলা উপজেলার ছায়েরাবাদ এলাকার বাসিন্দা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বনের পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি করে—এমন কোনো বন অপরাধীকে ছাড় দেওয়া হবে না।






















