ঝিনাইদহে জামায়াতে জেলা রুকন সম্মেলনে অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৪:৪৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 5
ক্ষমতার দাপট দেখানো, চাঁদাবাজি, দখলবাজি ও মানুষের সম্পদ লুটের মতো অন্যায় দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মোবারক হোসাইন। তিনি বলেন, অন্যায়-অত্যাচার ও ক্ষমতার অপব্যবহার করলে জনগণের প্রতিরোধের মুখোমুখি হতে হবে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় ঝিনাইদহের আলহেরা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর।
মোবারক হোসাইন বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে। জামায়াতে ইসলামী দেশের কল্যাণে কাজ করতে চায়। তবে জনগণের অধিকার ক্ষুণ্ন হলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে।
সম্মেলনে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানানো হয়। মোবারক হোসাইন বলেন, গণভোটে জনগণের দেওয়া রায়ের প্রতি সম্মান জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। জুলাই গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বা পদমর্যাদা বিবেচনা না করে আইনের আওতায় এনে নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে অপরাধ দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
আগামী ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচির প্রসঙ্গ তুলে ধরে তিনি জনগণের অধিকার ও গণতান্ত্রিক দাবি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নাগরিক অধিকার, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্র, নারী ও সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
সম্মেলনে যশোর-কুষ্টিয়া অঞ্চল টিমের সদস্য আবদুল মতিন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, জেলা জামায়াতের নায়েবে আমির আবদুল আলীম, জেলা সেক্রেটারি আবদুল আওয়ালসহ জেলার রুকন সদস্যরা উপস্থিত ছিলেন।
























