কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ
- প্রকাশের সময় : ১০:০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 7
‘মানবতার পাশে কোলা ইউনিয়ন বিএনপি’—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে অসহায়, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হুইলচেয়ার, লাঠি, ধর্মীয় গ্রন্থ ও পোশাক বিতরণ করা হয়েছে। পাশাপাশি নারীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার গাজীর হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩ নম্বর কোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) মো. রাশেদ খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুজ্জামান মনা, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হামিদুল ইসলাম হামিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তবিবুর রহমান মিনি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন প্রতীক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, মো. ইসরাইল হোসেন ভিপি, মো. ইলিয়াছুর রহমান মিঠু এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হারুন অর-রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. মো. নুরুল ইসলাম।
কর্মসূচির আওতায় ৪০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ১০টি হুইলচেয়ার, পক্ষাঘাতগ্রস্তদের জন্য ২০টি লাঠি, হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে ২০টি ধর্মীয় গ্রন্থ গীতা এবং স্থানীয় পুরোহিতদের মাঝে ১৫টি পোশাক বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এ মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
























