জাবিতে জঙ্গল থেকে ভোররাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- প্রকাশের সময় : ০২:৩৩:১২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 19
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভোররাতে তিন নারীসহ পাঁচ বহিরাগতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারের (ডব্লিউআরসি) সংলগ্ন জঙ্গল এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার মাধ্যমে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট শিক্ষার্থীরা জানান, ভোরে ডব্লিউআরসি সংলগ্ন জঙ্গল এলাকা থেকে পাঁচজনকে বের হতে দেখে তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাঁদের থামিয়ে পরিচয় ও ক্যাম্পাসে অবস্থানের কারণ জানতে চাওয়া হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁদের নিরাপত্তা শাখার নিয়ন্ত্রণকক্ষে নেওয়া হয়।
শিক্ষার্থীদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় আটক ব্যক্তিদের বক্তব্যে একাধিক অসঙ্গতি পাওয়া যায়। পরে তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে জন্মনিয়ন্ত্রণের ট্যাবলেট পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের পোশাকশ্রমিক হিসেবে পরিচয় দিয়েছেন বলেও জানান শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আটক ব্যক্তিরা বহিরাগত হওয়ায় অধিকতর তদন্তের জন্য নিরাপত্তা শাখার মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, ‘ভোর চারটার দিকে তিনজন নারী ও দুইজন পুরুষ বহিরাগত ধরা পড়েছেন। তাঁদের নিরাপত্তা নিয়ন্ত্রণকক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা যেহেতু বহিরাগত, অধিকতর তদন্তের জন্য নিরাপত্তা শাখার মাধ্যমে পুলিশ ডেকে তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।’























