বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
- প্রকাশের সময় : ০৭:৪১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 5
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলটি বেনাপোলের বলফিল্ড ময়দান থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় যায়। পরে মিছিলটি আবার বলফিল্ডে ফিরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সংগঠনগুলোর সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
মিছিলে নেতৃত্ব দেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব মো. ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, বেনাপোল ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহম্মেদ শাওন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ ও সদস্য সচিব ওমর ফারুকসহ স্থানীয় নেতারা।
সমাবেশে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইমদাদুল হক ইমদাদ। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ রয়েছে বলেও দাবি করেন তিনি।
সমাবেশে অন্য বক্তারাও আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিহত করতে নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।






















