পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

- প্রকাশের সময় : ০২:৫১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 6

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাংশা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাকিল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত সরদার, পাংশা-কালুখালী শিক্ষক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক শামসুল আলম সোরাহাব, পাংশা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. নাসির উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় খামারি ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন, খামারিদের উৎসাহিত করা এবং প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।
এ সময় বিভিন্ন খামারির অবদান ও সফলতার স্বীকৃতিস্বরূপ উপস্থিত খামারিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করা, খামারিদের উৎসাহিত করা এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ উৎপাদনে সচেতনতা বাড়ানোই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মূল লক্ষ্য।





















