‘আলী যাকেরের শূন্যতা প্রতি মুহূর্তে অনুভব করি’

- প্রকাশের সময় : ১১:৩০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 6

আলী যাকের। এ দেশের মঞ্চনাটকে তার অবদান অসামান্য। নির্দেশক হিসেবে জীবদ্দশায় দারুণ সাড়া ফেলেছিলেন তিনি। ‘গ্যালিলিও’, ‘দেওয়ান গাজীর কিসসা’সহ আলোচিত নাটকগুলোতে অসাধারণ অভিনয় করেছেন। ছিলেন নাগরিক নাট্যসম্প্রদায়ের অন্যতম সদস্য। টেলিভিশন নাটকে অভিনয় করেও পেয়েছেন দর্শকের ভালোবাসা।
ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য
একুশে পদকপ্রাপ্ত গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের জন্মদিন আজ ৬ নভেম্বর। তাকে নিয়ে দ্য ডেইলি স্টারের কাছে স্মৃতিচারণ করেছেন আরেক গুণী নাট্যজন মামুনুর রশীদ।
মামুনুর রশীদ বলেন, ‘আলী যাকেরের সঙ্গে আমার পরিচয় ১৯৭১ সালে, স্বাধীন বাংলা বেতারে। এরপর কত শত স্মৃতি আমাদের! দেশ স্বাধীন হওয়ার পর ঢাকায় ফিরে ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে আরণ্যক নাট্যদলের হয়ে মুনীর চৌধুরীর “কবর” নাটকটি নির্দেশনা দিই। এতে আলী যাকের দারুণ অভিনয় করেন। তখনই দর্শক তাকে গ্রহণ করেন। এরপর আমৃত্যু তিনি অভিনয় করে গেছেন। তার জীবনের প্রথম নাটকে আমরা একসঙ্গে অভিনয় করেছি, যা কোনোদিনও ভুলতে পারব না।’
‘১৯৭২ সাল থেকে আলী যাকের মঞ্চে অভিনয় শুরু করেন। এরপর নাগরিক নাট্যসম্প্রদায়ে যোগ দেন। অসাধারণ সব নাটকের নির্দেশক ছিলেন তিনি। অভিনয় করেছেন অসাধারণ সব নাটকে। মঞ্চের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। এ দেশে যত নাট্য আন্দোলন হয়েছে, সবগুলোতেই অংশ নিয়েছেন। থেকেছেন সামনের সারিতে। তার নাটক মানেই ছিল বিশেষ কিছু।’
দর্শকদের প্রতিক্রিয়া ও সামগ্রিক আলোচনা
‘গ্যালিলিও’ ও ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটক দুটির কথা বলতে গিয়ে মামুনুর রশীদ বলেন, ‘তার অভিনীত সব নাটকই দেখেছি। বিশেষ করে “গ্যালিলিও” ও “দেওয়ান গাজীর কিসসা”—এই মুহূর্তে নাটক দুটির কথা মনে পড়ছে। এ দুটিতে তার অভিনয়ের কথা সারা জীবন মনে থাকবে। এ ছাড়া “সম্রাট শাহজাহান” নাটকের কথাও মনে পড়ছে। এতে শাহজাহানের নাম ভূমিকায় অভিনয় করতেন তিনি। কী যে সাড়া পেতেন! স্মৃতিগুলো চোখে ভাসছে।’
আলী যাকেরের টেলিভিশন নাটকে অভিনয় প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘টেলিভিশন নাটকে তার অভিনয়ে আধুনিক চিন্তাভাবনার প্রতিফলন ঘটত। এটা তিনি সব সময় নিজের মধ্যে ধারণ করতেন। অন্যদের মধ্যেও ছড়িয়ে দিতেন। আধুনিক ভাবনাগুলো নাটকে করে দেখাতেন।’
আলী যাকের নিজের নাট্যদলের পাশাপাশি অন্য নাট্যদলের জন্যও নির্দেশনা দিয়েছেন। এ প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘নাগরিক নাট্যসম্প্রদায়ে নাটক নির্দেশনা দিয়ে যেভাবে সাড়া ফেলেছিলেন, একইভাবে অন্য নাট্যদলের জন্য নির্দেশনা দিয়েও ব্যাপকভাবে সফল নির্দেশক হিসেবে প্রশংসিত হয়েছেন।’
























