ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রকাশের সময় : ১০:৫৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 4
ফেনীর উদ্দেশে সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ফেনীর উদ্দেশে যাত্রা শুরু করে।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
ফেনী সফরে বেলা সাড়ে ১২টায় পরশুরাম উপজেলার খেয়াঘাট-মহুরী ব্রিজ এলাকায় ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়) প্রকল্পের’ উদ্বোধন করবেন তিনি।
এরপর দুপুর দেড়টায় ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
বিকেল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে পরিবার কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মাবলম্বী ব্যক্তিদের সম্মানি দেওয়ার কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া দুপুরে ফুলগাজী ডাকবাংলোয় জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ করবেন প্রধানমন্ত্রী।












