লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩
- প্রকাশের সময় : ১০:৩০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 6
লালমনিরহাটের পাটগ্রামে অটোরিকশাকে ট্রাকের চাপা দেওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। পথে ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বুড়িমারী স্থলবন্দরের দিকে যাচ্ছিল একটি ট্রাক। যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি পাশের একটি দোকানে ঢুকে অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন। খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে মোস্তাকীন নামে আরও একজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরও দুজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তারা সবাই পাটগ্রাম উপজেলার বাসিন্দা।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিনজন নিহত ও সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।






















