সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ
- প্রকাশের সময় : ০২:৩৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 6
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে অভিযোগটি দাখিল করেন রুনির ভাই নওশের রোমান।
অভিযোগে বলা হয়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাত ২টা থেকে সকাল ৭টার মধ্যে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেনি একাধিক তদন্ত সংস্থা।
ঘটনার পর সংশ্লিষ্ট থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র্যাব তদন্তে ব্যর্থ হওয়ার পর হাইকোর্টের নির্দেশে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তবে পিবিআই তদন্ত করেও এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো সমাধান বের করতে পারেনি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত এবং তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সাগর-রুনির পরিবার।
অভিযোগটি রেজিস্টারভুক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।



















