কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
- প্রকাশের সময় : ০৪:৩৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / 49
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে তাপস রায় (৩০) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেলবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তাপস রায়কে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত তাপস রায় উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেলবাড়ী গ্রামের হরষিত রায়ের ছেলে।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোপালগঞ্জের পরিদর্শক খোরশেদ আলম এবং কোটালীপাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকসংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















