জাবিতে বিএনসিসির ডেঙ্গু সচেতনতামূলক র্যালি ও মশক নিধন অভিযান
- প্রকাশের সময় : ০১:৫৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 22
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ভবন থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি ডেইরি গেট হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, “ডেঙ্গু নিয়ে সচেতন না হলে এটি মহামারি আকার ধারণ করতে পারে। বিশেষ করে ঘরের আশপাশে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশার লার্ভা জন্মায়। তাই এসব স্থান পরিষ্কার রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।”
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম বলেন, “ডেঙ্গু আর এডিস প্রতিরোধে আমাদের সচেতনতা বৃদ্ধি করা মানে শুধু র্যালির মধ্যে সীমাবদ্ধ থাকা নয়। ডেঙ্গু প্রতিরোধে আমাদের কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আমরা যখন হলে থাকি, তখন হলের বন্ধুবান্ধবদের সচেতন করতে হবে। ক্লাসে থাকলে ক্লাসের বন্ধুবান্ধবদেরও সচেতন করতে হবে। সুতরাং আমরা সবাই সচেতন হব এবং সামনে দিনগুলোতে বাংলাদেশ ডেঙ্গুমুক্ত ও এডিসমুক্ত হবে—এই কামনা করছি।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের প্রফেসর আন্ডার অফিসার ও সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানার সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাবেক প্রক্টর ড. এ. কে. এম. রাশিদুল আলম এবং বিএনসিসির বর্তমান ও প্রাক্তন ক্যাডেটরা।

























