কালীগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল আসামি গ্রেপ্তার
- প্রকাশের সময় : ১০:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 6
ঝিনাইদহের কালীগঞ্জে অপহৃত অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মূল আসামি রাজীব হোসেন (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং কালীগঞ্জ থানা পুলিশের দ্রুত পদক্ষেপে অভিযান চালিয়ে বাঘারপাড়া এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী যশোরের বাঘারপাড়া থানার জহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাতায়াতের পথে বনগ্রাম এলাকার রাজীব হোসেন তাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাকে অপহরণের হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে ওই কিশোরী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কালীগঞ্জ থানাধীন দামোদরপুর বাজারের একটি জুতার দোকানের সামনে পৌঁছালে রাজীব হোসেন মোটরসাইকেলে করে তাকে জোরপূর্বক নিয়ে যান বলে অভিযোগ করা হয়।
পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ভুক্তভোগীর মা নুর জাহান খাতুন কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ধারায় মামলা করা হয়। মামলা দায়েরের পর কালীগঞ্জ থানা পুলিশের একটি অভিযানকারী দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি রাজীব হোসেনকে গ্রেপ্তার করে এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে।
গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর সুরক্ষাসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিরাপদ সমাজ গঠন এবং অপরাধ দমনে ঝিনাইদহ জেলা পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়েছে।



















